নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা বজায় রাখতে আলমডাঙ্গায় মোবাইল কোর্টে ১১ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলমডাঙ্গা উপজেলা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে জোরদার যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত বিশেষ টিম দিনব্যাপী এ অভিযান চালায়। অভিযানে সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আলমডাঙ্গা থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, হুমকি-ধামকি ও ঘরবাড়ি দোকানপাট ভাঙচুর সংক্রান্ত একাধিক সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় স্থানীয় জনগণকে নিরাপত্তা ও আইনগত সহায়তার আশ্বাস দেওয়া হয়।
অভিযানের সময় আসমানখালি বন্দর ভিটার পূর্বপাড়া এলাকায় মতিয়ারের বাড়িতে ভাঙচুর, বারাদি ইউনিয়নের নতিডাঙ্গা বাজারে দোকানঘর ক্ষতিসাধন এবং কুমারি এলাকায় একটি রাজনৈতিক কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া যায়। কুমারিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ের বাইরের অংশ ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলর কিছু কর্মী জড়িত থাকার অভিযোগ ওঠে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রশাসন প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দিয়েছে।
এছাড়া কুমারি, ভাংবাড়িয়া, হাটবোয়ালিয়া, মোড়ভাঙ্গা, হারদী ও টাইগার পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। চারটি মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদসহ চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত চারটি বিশেষ টিম শুক্রবার সারাদিন উপজেলা জুড়ে অভিযান চালায়। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো সহিংসতা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।