নির্বাচিত হওয়ার প্রথম দিনই ব্যস্ত সময় পার করলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটার অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
নির্বাচন-পরবর্তী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক দল। কেন্দ্রের সাংগঠনিক নির্দেশনা অনুসরণ করে দায়িত্বশীলদের আরও সুসংগঠিতভাবে কাজ করতে হবে। তিনি নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাপ হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী এবং উপজেলা সেক্রেটারি মুসলিম উদ্দিন। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা। সমাবেশে বক্তারা সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন সকালে সাড়ে ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে জুমার নামাজ শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যের বাসায় এমপি ও নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এছাড়াও আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামে বিএনপির উশৃঙ্খল নেতাকর্মীদের হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত জামায়াতের নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং ভাঙচুরকৃত বাড়িঘর ও ওয়ার্ড কার্যালয় পরিদর্শন করেন।
এদিকে অভিযোগ উঠেছে, নির্বাচনের রাত থেকে চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন গ্রামে বিএনপির নেতাকর্মীরা জামায়াতের কর্মীদের ওপর হামলা, মারধর, ভাঙচুর ও মামলা দিয়ে হয়রানি করছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মাকালডাঙ্গা এলাকায় মুক্তার নামের এক কর্মীর বাড়ির গেট ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার মিনারুল নামের এক জামায়াত কর্মীকে ভাঙবাড়িয়া গ্রামের একটি চায়ের দোকানে বিএনপির খোকন, মজিবুল, বদর ও সেলিম এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল এসব ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।