স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়া মসজিদে দোয়ায় তারেক রহমানের নাম না নেওয়ায় ইমামকে মারধর করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মসজিদের মুসল্লীদের সাথে মনজুর রহমানের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে মনজুর রহমানসহ কয়েকজন সামান্য আহত হয়েছে। পরে স্থানীয় কিছু যুবক জামায়াত অফিস ও দোকান ভাংচুর করে। ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়া পূর্বপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদের ইমাম ইখলাস রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মোনাজাতে তারেক রহমানের নাম উল্লেখ না করে ভবিষ্যতে সরকারকে জন্য দোয়া করায় স্থানীয় বিএনপি নেতা মো. মঞ্জুর রহমান ইমাম ও মুয়াজ্জিনের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে ইমামকে গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মুসল্লিদের সঙ্গে মঞ্জুর রহমান ডাসার বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মঞ্জুর রহমান ডাসা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয় কয়েকজন যুবক জামায়াতের অফিস ও নেতাকর্মীদের দোকান পাটে হামলা ও ভাংচুর করে।
ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেল ৫টায় নূরনগর কলোনি পাড়াক্লাব মোড়ে এলাকাবাসীর আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মিথ্যা দোষারোপ, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা এইচ. এম. মোস্তফা অভিযোগ করে বলেন, মঞ্জুর রহমান ডাসা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। আজকের ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমার ওপর ও এলাকাবাসীর ওপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। আমরা নিরাপত্তা চাই, আমরা সকলে এই সমাজে সুন্দর ভাবে বসাবাস করতে চাই। মসজিদের সেক্রেটারি মজনু বাবু ইমামের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “দোয়া মাহফিলে নাম উল্লেখ না করায় এ ধরনের হামলা ন্যক্কারজনক।
মসজিদের ইমাম মো. ইখলাস রহমান বলেন, আমি কোরআন-হাদিসের আলোকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। সে কারণেই আমাকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। দোয়ায় কোনো নাম উল্লেখ না করে শুধু ভবিষ্যতে সরকারকে জন্য দোয়া করা হয়, দোয়া শেষে মন্জুর রহমান ডাসা ও সাঙ্গপাঙ্গরা আমার ওপর হামলা করে। বিক্ষোভ সমাবেশে আব্দুর রহিম, শাহ আলমসহ শত শত নারী-পুরুষ অংশ নেন। তারা মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চুয়াডাঙ্গার নূরনগর কলোনী মসজিদে দোয়ায় তারেক রহমানের নাম না নেওয়ায় ইমামকে মারধর ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ



