জীবননগর অফিস
জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা চালিয়েছেন কয়েকজন সাংবাদিক। এ সময় প্রতিবাদ করায় জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের জীবননগর উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক এনটিভি ও আজকের পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি মো. রিপন হোসেন, আরটিভি ও জনকণ্ঠের জীবননগর উপজেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক নবচিত্রের প্রতিনিধি জাহিদুল ইসলাম কাজলসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এসময় তাদের রক্ষা করতে গেলে ব্যবসায়ী সুমন বিশ্বাস, মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন হামলার শিকার হন। এ ঘটনায় জীবননগর প্রেসক্লাবের সভাপতি বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রেসক্লাব দখলের ঘটনাটি জীবননগর বাসস্ট্যান্ডে আতঙ্ক সৃষ্টি করে। দোকানীরা ভয়ে দোকান বন্ধ করে দেন। দখলকারীদের মারমুখি আচরনে অনেকেই আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা প্রেসক্লাব ধখল করতে আসা সাংবাদিকে এহেন আচরনে ধিক্কার জানিয়েছেন। ঘটনা জানতে পেরে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এই হামলার ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে জীবননগর প্রেসক্লাবে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জীবননগর প্রেসক্লাব দখল চেষ্টার ঘটনা ও গত বৃহস্পতিবার মহেশপুর উপজেলা প্রেসক্লাবে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদসহ দোষীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেনকে ফোন করা হয়। রিপন হোসেন চাবি দিতে না চাওয়ায় তাকেসহ প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করা হয়।
এ বিষয়ে জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন বলেন, আমি বৃহস্পতিবার ভোট ডিউটি হিসেবে সারারাত সময়ের সমীকরণ অফিসে ছিলাম। সকালে বাড়ি ফিরে জীবননগর কাজী টাওয়ারের সামনে একটি মোটরসাইকেল গ্যারেজে অবস্থানকালীন নূর আলম ফোন করে প্রেসক্লাবের চাবি চান। পরে আমি প্রেসক্লাবে গেলে প্রথমে তিনি পরে পর্যায়ক্রমে মিথুন মাহমুদসহ আরও কয়েকজন হামলা করেন। এ সময় আমাকে রক্ষা করতে গেলে আরও কয়েকজনের ওপর হামলা করা হয়।
জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক বলেন, নূর আলমের নেতৃত্ব কয়েকজন প্রেসক্লাব দখল করতে এসেছে খবর পেয়ে আমি প্রেসক্লাবের দোকানের সামনে আসি। এসময় নূর আলমের নেতৃত্ব ৫ থেকে ৭ জন আমার ওপর হামলা করেন। বর্তমানে প্রেসক্লাব এলাকায় পুলিশের নজরদারী জোরদার করা হয়েছে।
জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা ব্যর্থ সাংবাদিকসহ স্থানীয়দের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের



