স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছ থেকে পাওয়া সমর্থন, ভালোবাসা ও সহযোগিতার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এক বিবৃতিতে তিনি বলেন, দল-মত নির্বিশেষে আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিগত সময়ে যারা স্বেচ্ছায় দিন-রাত পরিশ্রম করেছেন এবং আমাকে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকারের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন এটি গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক দিক। নির্বাচিত জনপ্রতিনিধির উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তিনি অবহেলিত চুয়াডাঙ্গা-২ আসনকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, মানুষের জন্য কাজ করার ক্ষেত্র কখনোই আমার কাছে ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আগামীতেও তা থাকবে না। জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।
শেষে তিনি চুয়াডাঙ্গা-২ এর সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করে বলেন, চুয়াডাঙ্গার উন্নয়ন হোক, মানুষের ভাগ্যের পরিবর্তন হোক এটাই আমার একমাত্র প্রত্যাশা। আপনাদের সবার জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।
চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন মাহমুদ হাসান খান বাবু



