বড়বোয়ালিয়ায় জামায়াতের আনন্দ মিছিল ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২

হাটবোয়ালিয়া প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনন্দ মিছিলকে কেন্দ্র করে ভাঙচুর, মারধর ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে ৬৫ বছর বয়সী মেহেরুন্নেসাসহ অন্তত দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর আলীর ছেলে রুবেল ও আব্দুল্লার নেতৃত্বে জামায়াতের একটি আনন্দ মিছিল এলাকা প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে একপর্যায়ে কিছু ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলর স্থানীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলাকারীরা কার্যালয়ের দরজা-জানালা ভেঙে ফেলে এবং ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে। এ সময় পাশের বাড়ির মুরুব্বি নারী মেহেরুন্নেসা (৬৫) বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলর ওয়ার্ড পর্যায়ের প্রচার সম্পাদক আনার শাহ (৪৫)-কেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, একই সময়ে বিএনপির ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ এবং নির্বাচন কমিটির এক সমন্বয়কের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়। পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের কথাও জানা গেছে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।