দর্শনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে এমপি প্রার্থী রুহুল আমিন

দর্শনা অফিস
দর্শনা থানা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ আসর দর্শনা বাসস্ট্যান্ড চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে রেলবাজার, রেলগেট, পুরাতন বাজার, থানা মোড়, ইসলাম বাজার ও রেলইয়ার্ড প্রদক্ষিণ করে রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার মুক্তমঞ্চে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের জাতীয় সংসদ প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন।
তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে দর্শনা দামুড়হুদা ও জীবননগরের মানুষের মধ্যে একটাই স্লোগান সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। আমরা সেই স্লোগানের সম্মান রাখতে চাই। আমরা মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, আমরা হয়রানি, মামলা বা বাড়ি ভাঙার রাজনীতি চাই না। আমরা মানুষের ঘর বানাতে চাই, ঘর ভাঙতে চাই না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে আমরা বিভেদ নয়, সম্প্রীতির রাজনীতি করতে চাই। ব্যবসায়ীদের চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করার নিশ্চয়তা দিতে চাই এবং দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড.  আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, এবি পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি জুবায়ের খান, এনসিপির জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. শাহজাহান কবির, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারীসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গণমিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে দর্শনা শহর মিছিলমুখর হয়ে ওঠে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এত বড় রাজনৈতিক মিছিল দর্শনায় দেখা গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।