স্টাফ রিপোর্টার
দর্শনা রেলবাজারে বাজার করতে এলে এখন ক্রেতাদের প্রথম প্রশ্নটি হচ্ছে—“ব্যাগটা কি চোখের সামনে থাকবে? রদিনের আলোয়, উপচে পড়া ভিড়ে একের পর এক ক্রেতার বাজারের ব্যাগ উধাও হওয়ার ঘটনায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। মাত্র দুই দিনে অন্তত ৮ জন নারী ও ১ জন পুরুষ ক্রেতার বাজারের ব্যাগ চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দর্শনা চালবাজারের জাহাঙ্গীর স্টোরের ব্যবসায়ী রাসেল বলেন, গত দুই দিনে ৮ নারী ও ১ পুরুষের ব্যাগ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কেউ মাস্ক পরেছে, কেউ মুখোশ, কেউ আবার বোরকা। কে আসল ক্রেতা, কে চোর—চেনা দায়। আজ দুপুরেই আমার দোকানের দুই নারী ক্রেতার প্রায় ৫ হাজার টাকার মাছ-মাংসসহ ব্যাগ চুরি হয়েছে।
একইদিন সন্ধ্যায় রাজধানী স্টোরের পাশে এক ব্যক্তির প্রায় ২ হাজার টাকার কসমেটিকসের ব্যাগ উধাও হয়। এর আগের দিন মো. বাসারের চালের দোকানের সামনে এক স্কুল শিক্ষিকার প্রায় ৫ হাজার টাকার বাজারের ব্যাগ চুরি হয়েছে।
মুদি ব্যবসায়ী সুবহান মিয়া জানান, শনিবার ও রোববার আমার দোকানের সামনে দুইজন নারী বাজার করতে এসে ব্যাগ পাশে রেখে অন্য জিনিস নিতে গিয়েছিলেন। এক মিনিটেরও কম সময়ের মধ্যে ব্যাগ উধাও হয়ে গেছে। টেরই পাইনি।
এছাড়া লাল্টু কসাই, শামিম মুরগির দোকান, আতিক স্টোর, সুবহান স্টোর, হক স্টোর, মায়ের দোয়া স্টোরসহ একাধিক দোকানের আশপাশ থেকেও বাজারের ব্যাগ চুরির অভিযোগ উঠেছে।
দুই-একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলেও এখনো কাউকে স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। ফুটেজ অনুযায়ী বোরকা পরা নারীসদৃশ ব্যক্তিরাই সন্দেহের তালিকায় রয়েছেন।
দর্শনা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন বলেন, রেলবাজার পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় না থাকায় এ ধরনের ঘটনা ঘটে। গত দুই দিনে চুরির মাত্রা বেড়েছে। ব্যবসায়ী ও ক্রেতা দুই পক্ষকেই বাড়তি সতর্ক থাকতে হবে।
স্থানীয়রা প্রশ্ন করছেন, এই চোরচক্র কি বাইরের এলাকা থেকে এসেছে, নাকি স্থানীয় কেউ জড়িত? ব্যবসায়ীরা প্রশাসনিক নজরদারি বাড়ানো, পুরো বাজার এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা এবং নিয়মিত টহলের দাবি জানিয়েছেন। বর্তমানে দর্শনা রেলবাজারে সবচেয়ে আলোচিত প্রশ্ন, বাজার করবেন, না ব্যাগ সামলাবেন?
দর্শনা রেলবাজারে বাজার করতে এসে দুই দিনে ৯ ক্রেতার ব্যাগ উধাও



