স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা এটিম ফুটবল মাঠে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হয়, যা মাঠকে জনসমুদ্রে পরিণত করেছিল।
জনসভায় সভাপতিত্ব করেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান শরীফ।
শরীফুজ্জামান শরীফ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৭ বছর ধরে আমরা আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা-১ আসনে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন-সংগ্রাম করেছি। এই আন্দোলনে অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছে এবং অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছেন। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের ভোট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং প্রতিটি ভোট গণনার আওতায় আনা।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে স্বনির্ভর করেছিলেন। বেগম খালেদা জিয়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেন, প্রাথমিক বিদ্যালয়ে ৫০ শতাংশ নারী শিক্ষক নিয়োগ নিশ্চিত করেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন।
স্থানীয় উন্নয়নের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আলমডাঙ্গায় এখনো উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। প্রায় ৯০ শতাংশ মানুষ চিকিৎসার জন্য কুষ্টিয়া বা রাজশাহীতে যেতে বাধ্য। আমরা আলমডাঙ্গাতেই আধুনিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই।
নিজেকে নেতা নয়, জনগণের সেবক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের নেতা হতে চাই না ভাই ও সন্তান হয়ে পাশে থাকতে চাই। সারাজীবন আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।
তিনি ভোটের শেষ পাঁচ দিনে সর্বোচ্চ পরিশ্রমের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের ফলাফল শিট প্রস্তুত ও স্বাক্ষর না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দেয়া হচ্ছে।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী ও সিআইপি সাহিদুজ্জামান টরিক, জেলা বিএনপির সিনিয়র নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. ওহিদুজ্জামান বুলা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশিরুল ইসলাম সেলিম ও শেখ সাইফুল ইসলাম।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও ছাত্রদল নেত্রী মাইশা আক্তার। এছাড়াও উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় বিএনপির নির্বাচনী জনসভায় শরীফুজ্জামান শরীফ, এখন আমাদের বড় চ্যালেঞ্জ জনগণের ভোট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া



