চুয়াডাঙ্গায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে প্রতিবন্ধী ব্যক্তিবর্গ, বিশেষ করে শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বক্তারা বাংলা ইশারা ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সহজ করতে ইশারা ভাষার চর্চা ও প্রসারে সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।