জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ২৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা, ৯৫ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম দফায় এবং বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দ্বিতীয় দফায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বাস, ট্রাক, ইজিবাইক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয় এবং কোনো ধরনের অবৈধ বা নিষিদ্ধ মালামাল বহন করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়।
জেলার মোট সাতটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। এসব স্থানের মধ্যে রয়েছে একাডেমি মোড়, দৌলদিয়াড় বাসস্ট্যান্ড, পুলিশ লাইন্সের সামনে, আলমডাঙ্গা থানা মোড়, জীবননগর বাসস্ট্যান্ড, লোকনাথপুর দামুড়হুদা এবং চুয়াডাঙ্গা রেলগেট এলাকা। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ, চুয়াডাঙ্গা সদর ট্রাফিক পুলিশ এবং চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
এ সময় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আশরাফ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ যেন কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে, সে লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মিতভাবে চেকপোস্ট অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ যানবাহন চলাচল ও যানবাহনে নিষিদ্ধ বা অবৈধ সামগ্রী বহন রোধ করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) আমিরুল ইসলাম জানান, সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলাতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চেকপোস্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার সাতটি স্থানে পরিচালিত অভিযানে মোট ১২৭টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ২৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এই ধরনের চেকপোস্ট অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।