স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাড়ে ৪ হাজার সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালা ও সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ৪ হাজার ৬০২ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনী দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলায় মোট ৪ হাজার ৬০২ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে সার্কেল অ্যাডজুট্যান্ট আবুল হাসানাত মো. লতিফুল আলমসহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সাড়ে ৪ হাজার আনসার বাহিনীর সদস্যের প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত



