দর্শনা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড শ্যামপুর মহল্লায় ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে গতকাল শনিবার বিকেল থেকে নারী ভোটারদের ঢল নামে। বিকেল ৪টায় শুরু হওয়া সমাবেশে বিপুলসংখ্যক নারী ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সভাপতি মহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, শক্তিশালী ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা গেলে সমাজ থেকে অবক্ষয় অনেকাংশে দূর হবে। দর্শনা পৌরসভা ও আশপাশের গ্রামাঞ্চলে নারীদের জন্য নিরাপদ চলাচল, সম্মানজনক কর্মসংস্থান ও আত্মমর্যাদা রক্ষার পরিবেশ তৈরি করা বিএনপির অঙ্গীকার।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্বাধীন সরকার প্রথমবার বিধবা ভাতা ও বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেন। এছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হয়, যা নারীদের এগিয়ে যাওয়ার পথ সুগম করেছে।
মাহমুদ হাসান খান বাবু জানান, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। এসব কার্ডের মালিকানা পরিবারের নারী সদস্যদের হাতে তুলে দেওয়া হবে, যাতে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পারিবারিক সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বিএনপি নেতা শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক (অব:) সচিব ড. এমএ সবুর, কেন্দ্রীয় কৃষক দলের নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাস মিলি, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী, মাহাবুবুল ইসলাম খোকন, আলহাজ্ব মশিউর রহমান, মহিদুল ইসলাম, আপু সুলতান, মো. আব্দুল হামিদ, সিরাজুল মোল্লা, শাহার আলী, ছাত্রনেতা পলাশ, জিয়াউল হক শাহিন, আব্দুর রহমান, হাবিবুল্লা বিশ্বাস, আব্দুস সালাম, আব্দুর রহমান মল্লিক ও পিয়ার আলী।
সমাবেশে উপস্থিত নারী ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারীরা এবার আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানান।
দর্শনায় ধানের শীষের পক্ষে নারী সমাবেশ ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু



