ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে দর্শনায় মহিলা দলের মিছিল

দশনা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনা থানা মহিলা দলের নারী কর্মীদের এক সমাবেশ ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দর্শনা লিটিল এঞ্জেল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা। সমাবেশে দর্শনা থানার অন্তর্গত ছয়টি ইউনিয়নের কয়েকশ নারী কর্মী ও নেত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর প্রধান নির্বাচনী এজেন্ট ড. এম এ সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মুকুল শাহ্, দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল এবং দর্শনা থানা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন। সমাবেশে বক্তারা নারী ভোটারদের সচেতন করা এবং দলীয় প্রার্থীর পক্ষে জনমত গঠন করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান ও বিশেষ অতিথিরা তৃণমূল কর্মীদের নির্বাচনী প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদান করেন।
সমাবেশ শেষে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী নারী কর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে নারীদের এই সক্রিয় অংশগ্রহণ তৃণমূল পর্যায়ে দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।