স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় হাড়োকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক উপ-সচিব ও জনতা ব্যাংকের পরিচালক ডা. আব্দুস সবুর। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ দেশের মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত তার ভোটের অধিকার থেকে। দিনের ভোট রাতে হয়েছে, মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেনি। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, অধিকার ও ন্যায়ের রাজনীতি করে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে কথা বললে ভয় থাকবে না, ভোট দিতে গেলে বাধা থাকবে না।
তিনি আরও বলেন, আলমডাঙ্গা, আইলহাস ও চুয়াডাঙ্গার মানুষ বহুবার আশ্বাস শুনেছে, কিন্তু উন্নয়নের নামে লুটপাট ছাড়া কিছু পায়নি। কৃষক তার ন্যায্য দাম পায়নি, যুবক চাকরি পায়নি, মা-বোনেরা নিরাপত্তা পায়নি। বিএনপি ক্ষমতায় এলে প্রথমে এই এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ ও তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শরীফুজ্জামান শরীফ বলেন, আমি এমপি হতে চাই নিজের জন্য নয়, আপনাদের কণ্ঠস্বর হতে। সংসদে গিয়ে চুয়াডাঙ্গার মানুষের কথা বলব, এখানকার সমস্যা তুলে ধরব। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোনো এলাকা এগোতে পারে না—এই তিনটি খাতে আলমডাঙ্গাকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি—কোনো অন্যায় বা বৈষম্যের সঙ্গে আপস করব না। এই লড়াই ব্যক্তির নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আজিজ আহমেদ সুজন, হানিফ মেম্বার, সাইফুল মেম্বার ও আনারুল ইসলাম প্রমুখ।
আলমডাঙ্গার হাড়োকান্দিতে নির্বাচনী সমাবেশে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান বিএনপি ক্ষমতার নয়, অধিকার ও ন্যায়ের রাজনীতি করে



