স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহম্মদজুম্মা গ্রামে ধানের শীষ প্রতীকের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরু ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দেশের মানুষ অনেক ত্যাগ করেছে, কিন্তু ন্যায্য অধিকার পায়নি। ভোটের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সবকিছু আজ প্রশ্নবিদ্ধ। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। আমি ক্ষমতা চাই না, চাই দায়িত্ব—চুয়াডাঙ্গার মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব।
তিনি আরও বলেন, মা বোনদের চোখে যে আশা দেখি, শ্রমজীবী মানুষের যে কষ্ট দেখি—তা ভুলে যাওয়ার সুযোগ নেই। আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমি চুয়াডাঙ্গাকে অবহেলিত নয়, মর্যাদার আসনে বসাবো।
পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশিক আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন গ্রামের এক মা বহুদিনের কষ্টে জমানো মাটির ব্যাংকের অর্থ প্রার্থীর হাতে তুলে দেন। উপস্থিত মানুষের চোখে আবেগ, মুখে স্লোগান—এই দৃশ্য সাধারণ মানুষের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।
মহম্মদজুম্মা গ্রামে নির্বচনী পথসভা করলেন বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান



