স্টাফ রিপোর্টার
৯ম পে স্কেলের দাবিতে চুয়াডাঙ্গা জজ আদালতের সামনে বিচার বিভাগীয় কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গায় কর্মরত বিচার বিভাগীয় সকল কর্মচারী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওহিদুল ইসলাম, নাজির মোঃ ওসমানগনি, সেরেস্তাদার মোঃ মাসুদুজ্জামান, মোঃ কবির উদ্দিন, মোঃ সোহরাব উদ্দিন ও জহুরুল ইসলাম, রেকর্ড কিপার মোঃ ডালিম হোসেন, স্টেনোগ্রাফার সুভাষ কুমার এবং সহকারী সেরেস্তাদার সৈকতসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত। অথচ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে বিচার বিভাগীয় কর্মচারীদের ৯ম পে স্কেলের দাবি সম্পূর্ণ ন্যায্য। তারা আরও বলেন, সরকার ইতোমধ্যে পে স্কেলের জন্য একটি পে কমিশন গঠন করলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। সরকারের এই সিদ্ধান্তহীনতার প্রতিবাদেই কলম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত তাদের ন্যায্য দাবি মেনে না নেয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতেও দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
৯ম পে স্কেলের দাবিতে চুয়াডাঙ্গায় বিচার বিভাগীয় কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ



