তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলায় নতুন ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জীবনের প্রথম ভোট দিতে মুখিয়ে থাকা এসব তরুণ ভোটাররা জানিয়েছেন, সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে তারা সমর্থন জানাতে চান। তবে ‘গণভোট’ বিষয়ে নতুন ও পুরাতন অনেক ভোটারের মধ্যেই স্পষ্ট ধারণার অভাব রয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৮৭ হাজার ৬৮০ জন। এর মধ্যে নতুন ভোটার ৩১ হাজার ৭১৪ জন এবং পোস্টাল ভোটার ৬ হাজার ৬৫৪ জন। মোট ২১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্ভাব্য ৭২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নজরদারি জোরদার করেছে।
জেলার বিভিন্ন এলাকায় নতুন ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও গণভোট কী এবং কেন এ বিষয়ে তারা পরিষ্কারভাবে কিছু জানেন না। গ্রামাঞ্চলে এ বিষয়ে পর্যাপ্ত প্রচারণাও চোখে পড়েনি বলে অভিযোগ করেন অনেকে।
গাংনীর কুঞ্জনগরের নতুন ভোটার জিহাদ ও শাহিন বলেন, জীবনের প্রথম ভোট সৎ ও যোগ্য প্রার্থীকে দেব। দুর্নীতিবাজ কাউকে ভোট দেব না। তবে গণভোটের বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।
মেহেরপুর ও গাংনী উপজেলার কয়েকটি বাজারে কথা হয় স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে। তারা জানান, আগে দলীয় প্রভাবে ভোট দিলেও এবার ব্যক্তিগত বিবেচনায় যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। তবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের বিষয়টি কীভাবে প্রয়োগ হবে তা স্পষ্ট নয়।
নতুন ভোটার সায়েম বলেন, রাজনৈতিক নেতারা ভোট চাইছেন, কিন্ত গণভোটের সুবিধা অসুবিধা সম্পর্কে কেউ জানায়নি। আমরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারি, সে ব্যবস্থা চাই।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি সৈয়দ জাকির হোসেন বলেন, ভোটের পরিবেশ থাকলে ভোটাররা কেন্দ্রে যাবেন। কিন্ত গণভোট বিষয়টি সাধারণ মানুষের কাছে এখনও অস্পষ্ট। এ বিষয়ে তৃণমূল পর্যায়ে প্রচার প্রচারণা বাড়ানো জরুরি।
মেহেরপুর পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চেকপোস্ট স্থাপন, টহল জোরদার ও যানবাহন তল্লাশি চালানো হচ্ছে। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে যেতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন প্রস্ত। ভোটগ্রহণের সব কার্যক্রম চলছে। গণভোট নিয়েও প্রচারণা অব্যাহত রয়েছে।
নির্বাচন ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ থাকলেও গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে আরও সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মেহেরপুরে নতুন ভোটারদের মাঝে উৎসবের আমেজ গণভোট নিয়ে গ্রামাঞ্চলে বিভ্রান্তি



