স্টাফ রিপোর্টার
‘নিরাপদ খাদ্য দিবস ২০২৬’ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাকক্ষে ‘আত্মবিশ্বাস’-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল।
তিনি তাঁর বক্তব্যে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান। তিনি নিরাপদ ফসল উৎপাদন ও পুষ্টিমান বজায় রাখার বিভিন্ন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। বক্তারা দৈনন্দিন খাদ্যাভ্যাসে সচেতন হওয়ার পাশাপাশি বাজারের অস্বাস্থ্যকর খাবার বর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে র্যালি বের হয়। র্যালিটি বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আত্মবিশ্বাস’-এর পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার। তিনি বলেন, নতুন প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক রেবেকা সুলতানাসহ শিক্ষিক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য নিশ্চিতে চুয়াডাঙ্গায় ‘আত্মবিশ্বাস’ এর সচেতনতামূলক কর্মসূচি



