জীবননগরে যুবকের মরদেহ উদ্ধারের ২০ দিনেও রহস্য উদঘাটন হয়নি, স্বজনদের ক্ষোভ

জীবননগর অফিস
জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ২০ দিন পার হলেও এখনো উদঘাটন হয়নি মৃত্যুর প্রকৃত কারণ। তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। গত ১৪ জানুয়ারি দুপুরে মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা এলাকায় হারু শাহের মাজারসংলগ্ন ঘাসের জমি থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাহিদ কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই বিচার না পাওয়ার আতঙ্কে দিন কাটছে স্বজনদের।
জাহিদের বড় ভাই ইনামুল জানান, তিনি বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পৌঁছেনি।
স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ফুফাতো ভাই আব্বাস বলেন, কোনো অদৃশ্য প্রভাবের কারণে হয়তো খুনিদের এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত তদন্তের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনারুল কবির সাংবাদিকদের জানান, অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার দ্রুত তদন্ত শেষ করে মৃত্যুর রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।