জীবননগর অফিস
জীবননগরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষাুবোরোুরোপা আমন প্যাটার্নে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল রবিবার বিকাল ৩টায় উপজেলার শাপলাকলি পাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, আলমগীর হোসেন ও নুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, জীবননগরের কৃষি জমি অত্যন্ত উর্বর হওয়ায় বছরে তিনটি ফসল চাষের সুযোগ রয়েছে। তবে বর্তমানে প্রায় ৬০ শতাংশ জমিতে মাত্র দুটি ফসল চাষ করা হয় এবং বাকি সময় জমি পতিত থাকে। বারি সরিষা-১৪ জাতের জীবনকাল মাত্র ৮০ থেকে ৮৫ দিন এবং এতে তেলের পরিমাণ বেশি—প্রতি কেজি সরিষা থেকে প্রায় ৪৫০ গ্রাম তেল পাওয়া যায়। এ জাতের সরিষা চাষ করলে নির্ধারিত সময়ের মধ্যে একই জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন সম্ভব।
তারা আরও বলেন, অন্যান্য ফসলের সঙ্গে সাথী ফসল হিসেবেও সরিষা চাষ করা যেতে পারে। এতে পারিবারিক ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন। মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ৭০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
জীবননগরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা



