মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে সিঙ্গাপুর প্রবাসী মিঠুন (৩৫) এর বাড়ির সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। মিঠুন ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
বাড়ির সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের সামনে লাল টেপে মোড়ানো দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানা পুলিশে খবর দেওয়া হয়।
চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। পাশাপাশি একটি মোবাইল নম্বর উল্লেখ করে নগদ বা বিকাশে টাকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
গাংনীতে প্রবাসীর বাড়ির সামনে থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার



