আলমডাঙ্গা অফিসঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় সাহেদ গ্রুপের স্বত্বাধিকারী সাহিদুজ্জামান টরিককে আলমডাঙ্গা বণিক সমিতির পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার রাত ৮টায় আলমডাঙ্গা জেস টাওয়ারের হলরুমে বণিক সমিতি ও আলমডাঙ্গার সকল ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বণিক সমিতির পক্ষ থেকে সাহিদুজ্জামান টরিককে ফুলেল শুভেচনা ও স্মারক প্রদান করা হয়।
আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস চেম্বার সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর সভাপতি ও এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ব্যবসায়ীরা সমাজের সবচেয়ে বিনয়ী মানুষ। ব্যবসা করতে শুধু টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন মানুষের সঙ্গে ভালো সম্পর্ক ও ভালো ব্যবহার।”
তিনি বলেন, “যার কাছে টাকা আছে কিন্তু মানুষকে মানুষ মনে করে না, তার ব্যবসা অল্প সময়েই ধ্বংস হয়ে যায়। আর যার টাকা নেই কিন্তু মানুষের মন জয় করতে পারে, একদিন সে বড় ব্যবসায়ী হয়।”
তিনি আরও বলেন,
“আমি চুয়াডাঙ্গা থেকে কিছু নিতে আসিনি, চুয়াডাঙ্গাকে কিছু দিতে এসেছি। আপনারা সহযোগিতা করলে আমি এই জেলার পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।”
নিজের জীবনসংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “শূন্য থেকে শুরু করে আজ এই অবস্থানে এসেছি মানুষের সঙ্গে সম্পর্ক ও যোগ্যতার কারণে।”
সাহিদুজ্জামান টরিক বলেন,
“আমাদের একটাই লক্ষ্য—এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা।”
তিনি জানান, তাঁর ছোট ভাই শরীফুজ্জামান এমপি হোক বা না হোক, প্রশাসনে কোনো তদবির করবেন না।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,
“আপনারা যদি আমার ছোট ভাই শরীফুজ্জামানকে ভোট দেন, তাহলে আমি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আলমডাঙ্গাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আলমডাঙ্গার বন্ধ হয়ে যাওয়া কুমারী ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটকে কলেজে রূপান্তর করা হবে এবং জায়গা পেলে আলমডাঙ্গায় একটি আধুনিক প্রাইভেট হাসপাতাল নির্মাণ করবেন।



