আলমডাঙ্গা অফিস: বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল—এই শ্লোগানকে সামনে রেখে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রা.)-এর ৩৭তম যোগ্য উত্তরসূরি, যুগের মহা সংস্কারক হযরত মাওলানা সুফি মুফতী আজানগাছি (রহ.)’র পবিত্র বার্ষিক উরসেকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার পুরাতন পাঁচলিয়া এলাকায় ইদ্রিস মাস্টারের বাড়িতে আয়োজিত এ উরস মাহফিল অনুষ্ঠিত হয়।
ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ হযরত মাওলানা হারুন অর রশিদ। তিনি তাঁর আলোচনায় ইসলামী জীবনব্যবস্থা, আত্মশুদ্ধি ও মানবকল্যাণে আমলের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী এস. এম. ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক।
আলোচনায় হযরত মাওলানা সুফি মুফতী আজানগাছি (রহ.) প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান-এর চারটি মৌলিক নীতি তুলে ধরা হয়। নীতিগুলো হলো—পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায়, নামাজের পর নিয়মিত সহজ কোরআনী হাক্কানী অজিফা ও নির্দেশিত মোনাজাত পালন, হালাল রুজি ভক্ষণ এবং সাধ্য অনুযায়ী তাকওয়া ও পরহেজগারী অবলম্বন।
বক্তারা বলেন, এসব নীতি ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাহফিল শেষে আগত অতিথিদের জন্য তবারক ও মেহমানদারীর ব্যবস্থা করা হয়। আয়োজকরা জানান, হাক্কানী আঞ্জুমান একটি সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্মীয় ও মানবকল্যাণমূলক সংগঠন।



