চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ মোট ৫০ টি ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বেলা তিনটার দিকে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিকাইল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথি নয়ন কুমার রাজবংশী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তার জন্য আমরা অনেক পড়াশোনা করব, অনেক কিছু জানব, অনেক কিছু শিখব দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবো। এই সব কিছু হবে আনন্দের সাথে শৃঙ্খলার সাথে।
তিনি আরোও বলেন, যে শিক্ষার্থী তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, এই শিক্ষার্থীরা দেশের পবিত্র মানচিত্র নোংরা করবে এইটা আমরা বিশ্বাস করিনা। আমি বিশ্বাস করি আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই প্রাঙ্গণকে যে রকম পরিস্কার পরিচ্ছন্ন রেখেছে, যে শৃঙ্খলার সাথে আজকের এই অনুষ্ঠান তারা উদযাপন করেছে। তারা যখন বড় হয়ে দেশের নাগরিক হবে এই দেশের ভোটার হবে, এই দেশের নেতৃত্ব দিবে তখন এই দেশকেও একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে আমাদেরকে উপহার দিবে। আমরা যে কাজটি করতে পারিনি তোমরা সেটি করে দেখাবে। আমাদের থেকেও তোমরা আরো বড় মানুষের মত মানুষ হয়ে দেখিয়ে দিবে।
জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। আমিও তোমাদের মত একসময় খেলোয়ার ছিলাম। খেলাধুলা পড়াশুনারই অন্য একটি পাঠ। শুধু পড়াশোনা করলেই হয় না, শরীর যদি ভালো না থাকে তাহলে মনও ভালো থাকে না। তাই শরীর মন ভালো রাখতে হলে পড়াশোনার পাশাপাশি অবশ্যই  আমাদের খেলাধুলা  করতে হবে। এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা মহিলা কলেজের সাবেশ অধ্যক্ষ অধ্যাপক এস এম ইস্রাফিল, প্রদীপণ বিদ্যাপীঠের অধ্যক্ষ শহিদুল ইসলাম,   ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী নাসির, শামসুন নাহার শীলা, সহকারী শিক্ষিকা পারভীন সুলতানা, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।