স্টাফ রিপোর্টার
নির্বাচনের উত্তাপ যত ঘনিয়ে আসছে, ততই মানুষের ভিড়ে ভিড়ে ফিরছে রাজনীতির প্রাণ। সেই ধারাবাহিকতায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া, চিৎলা ও গাংনী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গ্রামবাংলার পথ-ঘাট, হাটবাজার আর বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তুলে ধরেন ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া ফুটবল মাঠে প্রথম পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর ভাংবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বগাদী উচ্চ বিদ্যালয় মাঠ, চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া বাজার মোড়, রুইতনপুর-চিৎলা তিন মাথা রাস্তার মোড়, কুলপালা মোড়, গাংনী ইউনিয়নের দোশর মন্ডল মোড়, বন্দর মোড় ও নান্দবার মোড়ে একের পর এক পথসভা ও গণসংযোগে অংশ নেন তিনি। প্রতিটি স্থানে তাকে ঘিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
পথসভাগুলোতে শরীফুজ্জামান শরীফ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার পাশাপাশি মানুষের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন। কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও তরুণদের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মানুষের ভোটাধিকার- এসব ইস্যুতে তিনি তুলে ধরেন বিএনপির অবস্থান।
পথসভায় আবেগঘন বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রিয় আলমডাঙ্গার ভাই ও বোনেরা, আজ আমি কোনো ক্ষমতার আশ্বাস নিয়ে আপনাদের সামনে দাঁড়ায়নি। দাঁড়িয়েছি আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার শপথ নিয়ে। এই দেশের মানুষ বহুদিন ধরে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। ভোটের লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার যে আনন্দ- সেটুকুও কেড়ে নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে এসেছি হাত পাততে নয়, পাশে দাঁড়াতে। আপনাদের দুঃখ-কষ্ট, বঞ্চনা আর ন্যায্য দাবির কথা শুনতেই আজ এই গ্রাম থেকে ওই গ্রাম ঘুরছি। কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না, শ্রমজীবী মানুষ দিন শেষে বাজারে গিয়ে অসহায় হয়ে পড়ছে, তরুণরা চাকরির অভাবে হতাশ হয়ে পড়ছে- এই বাস্তবতা আমরা সবাই জানি।’
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘বিএনপি বিশ্বাস করে রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের ভোটে গঠিত সরকারই পারে দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কেউ মত প্রকাশের কারণে নির্যাতিত হবে না, যেখানে আদালত স্বাধীনভাবে কাজ করবে, যেখানে প্রশাসন জনগণের সেবক হবে- শাসক নয়।’
তিনি বলেন, ‘আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা-১ আসন আমার জন্মভূমি, আমার অহংকার। এখানকার প্রতিটি পথ, প্রতিটি মানুষের মুখ আমি চিনি। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবার সুযোগ দেন, তাহলে আমি কথা দিচ্ছি- এই এলাকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য আপসহীনভাবে কাজ করব।’
জেলা বিএনপির এই নেতা বলেন, ‘আসুন, আমরা ভয়কে জয় করি। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। এই ধানের শীষ শুধু একটি প্রতীক নয়- এটি গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক। আপনার একটি ভোটই পারে বাংলাদেশকে নতুন পথে নিয়ে যেতে।’ বক্তব্যের শেষদিকে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার আহ্বান জানান।
পথসভা শেষে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শরীফুজ্জামান শরীফ। রাতে গণসংযোগ ও পথসভার মধ্যদিয়ে শেষ হয় দিনের কর্মসূচি।
পথসভায় সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার নির্বাচনী প্রধান সমন্বয়ক ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা কৃষক দলের সদসসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, বৃহত্তম খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম টোকন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক গোলাম বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাধারণ সম্পাদক আতাউল হুদা, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর ইসলাম রেজু, সিনিয়র সহসভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইনাল, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজু আহমেদ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাসেল আহমেদ, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বন্নী, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানাসহ ভাংবাড়িয়া, চিৎলা ও গাংনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আলমডাঙ্গার তিন ইউনিয়নে শরীফুজ্জামান শরীফের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত



