স্টাফ রিপোর্টার
বিকেলের নরম রোদ, চারপাশে মানুষের ভিড়, স্লোগানে মুখর জনপদ—চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন যেন গতকাল বুধবার বিকেলে রূপ নেয় এক রাজনৈতিক উৎসবে। সাধারণ মানুষের উচ্ছ্বাস, করতালি আর প্রত্যাশার মাঝেই গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় আলুকদিয়া বাজারে পথসভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড মোড়, শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডারদোহা মোড় ও মোকামতলা মোড় হয়ে মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা হাইস্কুল প্রাঙ্গণ এবং দীননাথপুর বাজার মোড়ে একের পর এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
প্রতিটি পথসভায় মানুষের চোখেমুখে ছিল দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা। শরীফুজ্জামান শরীফ গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান, কুশল বিনিময় করেন এবং শিশু থেকে বৃদ্ধ সবার খোঁজখবর নেন।
পথসভায় বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আজ আমি কোনো ক্ষমতার দম্ভ নিয়ে দাঁড়াইনি। দাঁড়িয়েছি নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে। দীর্ঘদিন ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রকে শৃঙ্খলিত করা হয়েছে। এই কষ্ট আমি হৃদয়ের গভীর থেকে অনুভব করি।
তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের মুক্তির প্রতীক, ন্যায়বিচারের প্রতীক ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আমি ক্ষমতা চাইতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি—এই জেলার মানুষের অধিকার রক্ষা করার দায়িত্ব।
তিনি অভিযোগ করেন, কৃষক ন্যায্যমূল্য পায় না, যুবসমাজ চাকরি পায় না, সাধারণ মানুষ চিকিৎসা ও শিক্ষায় বঞ্চিত। তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ভোট দিয়ে সরকার গঠিত হবে, প্রশাসন হবে জনগণের সেবক শাসক নয়।
বক্তব্য শেষে ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরপর শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ



