স্টাফ রিপোর্টার
দামুড়হুদা উপজেলায় দিনব্যাপী পথসভা, গণসংযোগ ও কুশল বিনিময় কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন। গতকাল বুধবার বিকেলে উপজেলার জুড়োনপুর বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির পর বাঁচার জন্য আমরা নতুন স্বপ্ন খুঁজে পাবো। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
১ নম্বর ওয়ার্ড সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় রুহুল আমিন বলেন, দুর্নীতি ও দুঃশাসন একসঙ্গে চলতে পারে না। বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, হয়েছে ভোট ডাকাতি। জনগণ আর নতুন করে কোনো ভোট ডাকাতি দেখতে চায় না।
তিনি আরও বলেন, ২০২৪ সালের তরুণদের বিপ্লবের কারণেই আজ আমরা কথা বলতে পারছি। তবে তাদের দায়িত্ব এখনো শেষ হয়নি। ন্যায়বিচার ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ১৯৯টি মামলা দেওয়া হয়েছিল, আমার ব্যক্তিগতভাবে ছিল ২৭টি মামলা। আমাকে ২৪ দিন রিমান্ডে রাখা হয়েছিল। এরপরও ৫ আগস্টের পর আমরা কাউকে মামলা দেইনি।
তিনি বলেন, যারা দুর্নীতি, সন্ত্রাস ও হত্যার রাজনীতি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেনি, তারা আগামীর বাংলাদেশ রক্ষা করতে পারবে না। যত স্বপ্নই দেখানো হোক না কেন, সে স্বপ্ন বাস্তবায়িত হবে না।
আগামী নির্বাচনে ইনসাফের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যদি দুর্নীতিমুক্ত দেশ চান, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা চান, তাহলে ইনসাফের পক্ষেই রায় দেবেন—এটাই আমাদের প্রত্যাশা।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা আজিজুর রহমান। এছাড়াও বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদ উদ্দৌলা টিটন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, ইউনিয়ন আমীর শামীমুল হক ঝন্টু, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রাশিদুল ইসলাম এবং ইউনিয়ন সহকারী সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিন রুহুল আমিন মজলিশপুর, বিষ্ণুপুর ও ইব্রাহিমপুর এলাকায় পৃথক পথসভায় বক্তব্য দেন। পাশাপাশি সকালে মদনা পার, কৃষ্ণপুর ও ঝাঝাডাঙ্গা গ্রামে কুশল বিনিময় ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
দামুড়হুদায় দিনব্যাপী জামায়াতের গণসংযোগে রুহুল আমিন



