আলমডাঙ্গা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলায় বইছে নির্বাচনী আমেজ। দিন যত ঘনিয়ে আসছে, ততই ভোটারদের মাঝে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় নির্বাচন পরিচালনার সার্বিক প্রস্তুতির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩,০৭,৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৪,১৮২ জন, নারী ভোটার ১,৫৩,৩৭৭ জন এবং হিজড়া ভোটার ৬ জন। ভোটগ্রহণের জন্য চূড়ান্ত করা হয়েছে ১১২টি কেন্দ্র ও ৫৯৩টি বুথ।
উপজেলা নির্বাচন অফিসার সেখ মাসুম বিল্লাহ বলেন, এবার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্র থাকবে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত আলমডাঙ্গায় কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। একটি ছোট ভুল বোঝাবুঝির ঘটনায় পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে প্রার্থীরা আশা প্রকাশ করে বলেন, স্বচ্ছ প্রস্তুতি, প্রশাসনের কঠোর নজরদারি ও জনগণের সচেতন অংশগ্রহণে নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ ও স্মরণীয়।


