দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে এক প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের একমাত্র পথ প্রাচীর দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের হামিদ মিয়ার ছেলে জিনারুল ইসলাম।
ভুক্তভোগী খোকন আলী (আঃ মজিদের ছেলে) জানান, তার দাদা ও বাবা প্রায় ৫০ বছর ধরে ওই পথ দিয়ে চলাচল করে আসছেন। শুধু তাদের পরিবারই নয়, দীর্ঘদিন ধরে গ্রামের সাধারণ মানুষও এ পথ ব্যবহার করে আসছে। তবে প্রায় তিন মাস আগে প্রভাব খাটিয়ে জিনারুল ইসলাম ওই রাস্তা প্রাচীর দিয়ে ঘিরে দেন। এতে এক হাত না থাকা প্রতিবন্ধী খোকন আলী কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন।
খোকন আলী আরও জানান, ন্যায়বিচার পাওয়ার আশায় গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে তিনি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। ইউএনও বিষয়টি তদন্তের দায়িত্ব দেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এইচ এম তাসফিকুর রহমানকে। সরেজমিন পরিদর্শনের সময় অভিযুক্ত জিনারুল ইসলাম লিখিতভাবে এক সপ্তাহের মধ্যে প্রাচীর অপসারণের আশ্বাস দেন।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) বদলি হলে খোকন আলী পুনরায় ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নতুন করে অভিযোগ দাখিল করেন। এরপর গত সোমবার বিকেলে কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিসের দুইজন কর্মচারী ঘটনাস্থলে গেলে খোকনের অভিযোগ, তাদের একজন তাকে বলেন— আপনি আমাদের বিরক্ত করছেন কেন? আপনার রাস্তা বের করার দায়িত্ব কি আমাদের?
কান্নাজড়িত কণ্ঠে খোকন আলী বলেন, আমি এক হাত নেই—প্রতিবন্ধী মানুষ। তাহলে কি আমি ন্যায়বিচার পাব না? তিন মাস ধরে মাতব্বর, অফিসে অফিসে ঘুরছি, কিন্তু কেউ আমার কথা শোনে না।
এ বিষয়ে অভিযুক্ত জিনারুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উবাইদুর রহমান সাহেল বলেন, আমি বর্তমানে নির্বাচনী কাজে ব্যস্ত আছি। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)কে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো।
শেষ আশ্রয় হিসেবে গত বুধবার সকালে খোকন আলী চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেন, আমি গরিব, অসহায় ও প্রতিবন্ধী। ন্যায়বিচারের আশায় জেলার অভিভাবকের কাছে গিয়েছি।
এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত তদন্তপূর্বক প্রতিবন্ধী খোকন আলীর চলাচলের পথ থেকে অবৈধ প্রাচীর অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
কুড়ুলগাছিতে প্রতিবন্ধীর চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ



