গাংনীতে সুজনের গণতন্ত্র বিষয়ে জনসচেতনতা

মেহেরপুর অফিস
সুশাসন, নাগরিক সম্পৃক্ততা এবং বিশ্বাসযোগ্য নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনী ও বামুন্দি বাজারে পথনাটক ও গান পরিবেশনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় গাংনীতে এই কর্মসূচি আয়োজন করা হয়।
‘ভোট দিন, গণতন্ত্রের অভিযাত্রায় অংশ নিন’—এই স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে এবং সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। নাটক ও সংগীতের মাধ্যমে ভোটাধিকার, গণতন্ত্রের গুরুত্ব এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে বার্তা তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সুজনের সভাপতি সৈয়দ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সুজনের সভাপতি আবু সাদাত সায়েম পল্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন থিয়েটারের টিম লিডার ফারজানা ঊর্মি, ইয়ুথ লিডার পলাশ ও রকি, পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, ভোটারদের সচেতন করা এবং গণতান্ত্রিক চর্চায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।