চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন বিধিবহির্ভূত গভর্নিং বডিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি প্রেরণ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান  এই বিতর্ক নিয়ে, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও কোন্দল বিরাজ করছে। এরই মাঝে গতকাল মঙ্গলবার ২৭ জানুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি  চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডি বরাবর প্রেরণ করা হয়।
চিঠির বিষয় ছিল “ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান প্রসঙ্গে” চিঠিতে উল্লেখ করা হয় উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক শামীমা সুলতানা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু কলেজে পদার্থবিজ্ঞান বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি না হওয়ায় শামীমা সুলতানা-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন সম্পূর্ণ বিধি বহির্ভূত। এমতাবস্থায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরীর শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ এর ধারা ৪ এর উপধারা ২(র) ও (রর) ধারার সংশোধিত প্রজ্ঞাপন যার স্মারক নং-০৭ (ঢ-৭১৭) জাতীঃবিঃ/কঃপঃ/২০০২ (পার্ট)/ ১০৬১৭, তারিখ-১৩/০১/২০২৬ মোতাবেক অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা-এর পরিবর্তে উপাধ্যক্ষ/জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিষয়সমূহের মধ্যে হইতে ১০ (দশ) জন জ্যেষ্ঠতম শিক্ষকের তালিকা হইতে গভর্নিং বডির সিন্ধান্তক্রমে ০৩ (তিন) জনের একটি প্যানেল বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টুর বলেন, চিঠিটি আমি হাতে পেয়েছি। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী প্রচার-প্রচারণার কারণে চিঠিটি এখনো আমি খুলে দেখতে পারেনি। আমি নিরিবিলি হয়ে চিঠিটি দেখে কমিটির অন্যান্য সদস্যদের সাথে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।