আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থাপনা ঐতিহাসিক বধ্যভূমি ও লালব্রিজ এলাকাকে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পৌরসভার প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বধ্যভূমি ও লালব্রিজ এলাকা ঘুরে দেখেন এবং সেখানে চলমান পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে ইউএনও লালব্রিজ এলাকার সার্বিক পরিবেশ, আবর্জনা ব্যবস্থাপনা, পথচারীদের চলাচল ব্যবস্থা এবং সৌন্দর্যবর্ধনের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকাটিকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিশেষভাবে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করা এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে ইউএনও পান্না আক্তার বলেন, আলমডাঙ্গার ঐতিহাসিক বধ্যভূমি ও লালব্রিজ শুধু একটি যাতায়াত কেন্দ্র নয়, এটি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ পরিচিতি। এ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর থাকলে যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে।
তিনি আরও বলেন, লালব্রিজ এলাকাকে আধুনিক ও নান্দনিক রূপ দিতে পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখতে হবে। পরিদর্শনকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক আরাফাত রহমান, সদস্য সচিব আতিকুজ্জামান মিরাজ, সাকিব মাহমুদ, পারভেজ আলী, তানজিম হাসান মুন্না, ফজলে রাব্বি, জিসান আহম্মেদ, ওবায়দুল্লাহ, খালিদ হাসান, মারফুল আকাশ, সাজিদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলমডাঙ্গার বধ্যভূমি ও ঐতিহাসিক লালব্রিজে নান্দনিকতা আনতে ইউএনওর সরেজমিন পরিদর্শন



