স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার গ্রাম থেকে বাজার, বিদ্যালয় মাঠ থেকে মোড়ের চায়ের দোকান- সবখানেই একটাই আলোচনা, একটাই প্রত্যাশা- পরিবর্তন। সেই পরিবর্তনের বার্তা নিয়ে সোমবার বিকেলজুড়ে কালিদাসপুর, কুমারী ও হারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
বিকেল সাড়ে চারটায় কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। এরপর একে একে আসননগর বাজার, পাইকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ, কুমারী বাজার মোড়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শ্যামপুর মোড়, হারদী প্রাথমিক বিদ্যালয় মাঠ, হারদী ওসমানপুর উচ্চবিদ্যালয় মাঠ ও বৈদ্যনাথপুর মোড়ে অনুষ্ঠিত হয় নির্বাচনী পথসভা।
প্রতিটি স্থানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, স্লোগানে স্লোগানে মুখর পরিবেশ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের আহ্বানে সরব হয়ে ওঠে এলাকা। প্রবীণদের কণ্ঠে ছিল অভিজ্ঞতার ভার, তরুণদের চোখে ছিল নতুন বাংলাদেশের স্বপ্ন।
পথসভায় দীর্ঘ বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রিয় আলমডাঙ্গাবাসী, আজ আমি আপনাদের কাছে কোনো অলীক স্বপ্ন বিক্রি করতে আসিনি। আমি এসেছি আপনাদের অধিকার, সম্মান আর ভোটের মর্যাদা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। এই মাটির সন্তান হিসেবে আমি জানি- এই এলাকার কৃষক কী কষ্ট করে, শ্রমিক কীভাবে দিন পার করে, মা-বোনেরা কীভাবে নিরাপত্তাহীনতায় ভোগে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভোট দিতে গেলে মানুষ ভয় পাবে না, রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরার সংস্কৃতি থাকবে না। আমরা চাই, ভোট হবে জনগণের, ক্ষমতা হবে জনগণের। তিনি আরও বলেন, ধানের শীষ কোনো দলের প্রতীক নয়, ধানের শীষ হলো এ দেশের খেটে খাওয়া মানুষের প্রতীক, কৃষকের ঘামের প্রতীক, স্বাধীনতার প্রতীক। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষের কণ্ঠরোধ করেছে, তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু শক্ত ভোটই হবে আমাদের জবাব।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমি কথা দিচ্ছি আপনাদের ভোটে নির্বাচিত হলে আলমডাঙ্গা আর অবহেলিত থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কর্মসংস্থান- সবখানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। কিন্তু এই পরিবর্তন একা আমার পক্ষে সম্ভব নয়। এ জন্য দরকার আপনাদের সাহসী সিদ্ধান্ত- ধানের শীষে ভোট।’ তিনি আরও বলেন, ‘আজ যারা ভয় দেখায়, হুমকি দেয়, তাদের দিন শেষ। জনগণ জেগে উঠেছে। আলমডাঙ্গার প্রতিটি ঘর থেকে এবার একটি বার্তাই যাবে- আমরা পরিবর্তন চাই, আমরা গণতন্ত্র চাই।’
এসব পথসভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন, মইনুউদ্দিন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা হাসিবুল ইসলাম লিপু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সহসভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত মনির উদ্দিন মনির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাসেল আহমেদ, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌফিক খান প্রমুখ।
আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ



