আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার আসান নগর সংলগ্ন কালিদাসপুর -হাউসপুর রাস্তায় মর্মান্তিক বেপরোয়া ইটভাটার ট্রাক্টরের গতিতে থেমে গেল আল আমিন ও মন্ডল নামের দুই জীবনের পথচলা রবিবার রাত ৯টার দিকে আসাননগর বটগাছের নিকট এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রাক্টরটি ছিল নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া গতির। সংঘর্ষের পরপরই চালক ট্রাক্টর ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
গুরুতর আহত মন্ডল মিস্তির অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়।
ইমরান নামের এক যুবক বলেন এই দুর্ঘটনা যেন হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, এটি দীর্ঘদিনের অবহেলা ও নীরবতার ফল। স্থানীয় সাধারণ মানুষ ক্ষোভের সাথে জানান, আলমডাঙ্গা এলাকায় রাতের আঁধারে অবাধে চলছে মাটি কাটার হিড়িক। সেই মাটি যাচ্ছে ইটভাটায়, আর এসব বেপরোয়া ট্রাক্টরই হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ। প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলেই প্রতিনিয়ত ঝরে যাচ্ছে তরুণ প্রাণ।
স্থানীয়দের কণ্ঠে আজ একটাই প্রশ্ন—এই জীবন যদি হারিয়ে যায়, তার দায় কি প্রশাসন এড়িয়ে যেতে পারে? অবৈধ মাটি কাটা আর ইটভাটার বেপরোয়া যান চলাচল বন্ধ না হলে এমন মৃত্যু থামবে কিভাবে?
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, ঘটনার পরপর পুলিশ পাঠিয়েছি, ট্রাক্টর উদ্ধার করে বর্তমান থানা হেফাজতে আছে। চিকিৎসা শেষে বাদী মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



