জামজামি-ডাউকি-বেলগাছিতে ধানের শীষে ভোট চেয়ে শরীফুজ্জামানের গণসংযোগ ও পথসভা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার গ্রাম থেকে গ্রাম, হাট-বাজার থেকে জনপদ- সবখানেই যেন একই ধ্বনি, একই প্রত্যাশা। পরিবর্তনের ডাক আর গণতন্ত্র পুনরুদ্ধারের আকাক্সক্ষায় মুখর হয়ে উঠেছে জামজামি, ডাউকি ও বেলগাছি ইউনিয়ন। সেই জনস্রোতের মাঝেই ধানের শীষ প্রতীক হাতে ভোটের আবেদন নিয়ে মাঠে নেমেছেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।

শনিবার বিকেল চারটায় জামজামি বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর একে একে জামজামি ইউনিয়নের মধুপুর বাজার, পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, ডাউকি ইউনিয়নের বিনোদনপুর বাজার মোড়, ছত্রপাড়া বাজার মোড়, বকসিপুর বাজার মোড়, বেলগাছি ইউনিয়নের বেলগাছি বোর্ড বাজার মোড়, কেদারনগর বাজার মোড় এবং ফরিদপুর গ্রামের বাজার মোড়ে অনুষ্ঠিত হয় গণসংযোগ ও পথসভা। প্রতিটি স্থানেই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর ভালোবাসায় উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো পরিবেশ।

গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুজ্জামান শরীফ। শিশু থেকে বৃদ্ধ- সবাই এগিয়ে এসে হাত মেলান, কেউ কেউ চোখে জল নিয়ে বলেন নিজেদের দুঃখ-কষ্টের কথা। সেই মুহূর্তে শরীফ যেন শুধু একজন প্রার্থী নন, হয়ে ওঠেন এলাকার আপনজন।

পথসভায় দীর্ঘ বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রিয় আলমডাঙ্গাবাসী, আজ আমি আপনাদের কাছে কোনো ক্ষমতার লোভ নিয়ে আসিনি। আমি এসেছি আপনাদের অধিকার ফেরত দেওয়ার অঙ্গীকার নিয়ে। বহু বছর ধরে এই দেশ থেকে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে। আজ আলমডাঙ্গার এই মাটি সাক্ষী- আপনারা আর নির্যাতন, অবিচার ও দুঃশাসন চান না।’

তিনি বলেন, ‘ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, ধানের শীষ হলো বেঁচে থাকার প্রতীক, সংগ্রামের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। এই প্রতীককে বাঁচাতে হলে আপনাদের ঘর থেকে বের হতে হবে, ভয়কে জয় করতে হবে। আমি কথা দিচ্ছি- আপনাদের ভালোবাসার মর্যাদা রাখব, আলমডাঙ্গাকে অবহেলিত জনপদ নয়, উন্নয়ন ও ন্যায়ের জনপদ হিসেবে গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে চাই আপনাদের সেবা করার জন্য। কৃষকের ন্যায্যমূল্য, যুবকদের কর্মসংস্থান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর মায়েদের নিরাপত্তা- এই চারটি বিষয়ই হবে আমার রাজনীতির মূল কথা। আপনারা যদি আমাকে ধানের শীষে একটি ভোট দেন, আমি সেই ভোটকে আমানত হিসেবে ধরে আজীবন আপনাদের পাশে থাকব।’

বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগভরা কণ্ঠে বলেন, ‘আজ যারা বাজারে বাজারে আমার হাত ধরছেন, যারা বলছেন- ‘শরীফ ভাই, আমরা আপনার সঙ্গে আছি’- এই শক্তিই আমাকে সাহস দেয়। এই ভালোবাসা কোনো দিন ভুলবো না।’

পথসভা শেষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু একজন প্রার্থী জেতার লড়াই নয়, এটি সত্য ও মিথ্যার লড়াই, অধিকার ও দমন-পীড়নের লড়াই। ইনশাআল্লাহ, বিজয় আসবেই।’

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আইলহাস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব মাস্টার, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান চান্দ আলী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব রাসেল আহমেদ, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী, সাধারণ সম্পাদক সালাম সিরাজী, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সিনিয়র সহসভাপতি ঝণ্টু মালিতা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনুস আলী, চিনির উদ্দিন, রফিউদ্দিন মেম্বারসহ জামজামি, ডাউকি ও বেলগাছি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।