মেহেরপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের হাতাহাতি, আহত ৩

মেহেরপুর অফিস
মেহেরপুর-১ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতাকল শনিবার সকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আশরাফুল ইসলাম, আনছারুল ইসলাম ও সোহেল রানা। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের একদল নারী কর্মী গহরপুর গ্রামে আসন্ন নির্বাচনী গণসংযোগে বের হন। এ সময় একই গ্রামের বিএনপি কর্মী হিসেবে পরিচিত আলেহীম ও তার সহযোগীদের সঙ্গে জামায়াতের নারী কর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়।
জামায়াতের নেতকর্মীদের অভিযোগ, সংগঠনটির নারী কর্মীরা গহরপুর গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির কর্মী-সমর্থকরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
আহত আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে ভোটের প্রচারণা চালাতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন কর্মী আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিএনপি কর্মী মেহেরুল ইসলাম বলেন, আমরা নির্বাচনী ক্যাম্পে ছিলাম। এমন সময় দেখি জামায়াতের নারী কর্মীরা কোরআন শরীফ হাতে শপথ করিয়ে ভোট দিতে প্রলুব্ধ করছেন। পরে তা করতে নিষেধ করা হলে বাগবিতণ্ডা হয়েছে। হামলার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ূন কবির জানান, ভোটের প্রচারণার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।