জীবননগরে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব

জীবননগর অফিস
জীবননগরে প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জীবননগর শহরের কাজিপাড়ায় অবস্থিত প্রাইড প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ উৎসবের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নুরুল ইসলাম, রুহুল আমিন, রকিবুল ইসলাম, সালাউদ্দিন রিপন মল্লিক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি খালেকুজ্জামান খালিদ এবং বিদ্যালয়ের পরিচালক মাসুদ পারভেজ রানা।
পিঠা উৎসবে মোট ১৫টি স্টলে বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। এর মধ্যে পাকান পিঠা, পুলি পিঠা, জামাই পিঠা, গোলাপ পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, রসবড়া পিঠা ও মালাই কেক দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
আয়োজকেরা জানান, একসময় শীত এলেই খেজুরের রস ও গুড় দিয়ে তৈরি নানা ধরনের পিঠা ঘরে ঘরে তৈরি হতো। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততায় ধীরে ধীরে এসব ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও পরিচয় তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলা এ পিঠা উৎসবে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।