স্টাফ রিপোর্টার
সংকেত অমান্য করে দামুড়হুদায় মোটরসাইকেল দিয়ে পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় আসামি মোঃ মারুফ হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ২টার দিকে দর্শনা থানার উজলপুর গ্রামে শাহাবুলের বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ হোসেন দর্শনার জয়নগর (কাস্টমপাড়া) গ্রামের আব্দুস সামাদ ওরফে জাম্বুর ছেলে।
পুলিশ জানায়, মামলার এজাহার সূত্রে জানা যায় গত ২২ অক্টোবর রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মোঃ শামসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নৈশ টহলে বের হন। রাত পৌনে ১২টা দিকে দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামে ফায়ার সার্ভিসের উত্তর পাশে ছোট পোল নামক স্থানে হাইওয়ে সড়কে দায়িত্ব পালন করছিলো। এ সময় লোকনাথপুর থেকে দর্শনাগামী একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। মোটরসাইকেল আরোহী সংকেত অমান্য করে পালানোর উদ্দেশ্যে কর্তব্যরত কনস্টেবল মোঃ আলমগীর হোসেনকে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, চোখ, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মোটরসাইকেল আরোহী লাল-কালো রঙের হিরো গ্লামার মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ২৩ অক্টোবর মামলা নং-১৪ দায়ের করা হয়। দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৩০৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মারুফ হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার দর্শনা থানা ও ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর বিভিন্ন ধারায় মোট ৯টি মামলার তথ্য রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
দামুড়হুদায় মোটরসাইকেল দিয়ে পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মারুফ গ্রেপ্তার



