চুয়াডাঙ্গা টেনিস ক্লাবে নতুন খেলোয়াড় তৈরির জন্য ৩০ অক্টোবর সাক্ষাৎকার

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় টেনিস খেলার মান উন্নয়ন ও নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় টেনিস ক্লাবকর্তৃপক্ষ । জেলা প্রশাসক (ডিসি) অফিস চত্বরে অবস্থিত টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় নতুন ও সম্ভাবনাময় টেনিস খেলোয়াড় তৈরির এই প্রক্রিয়া অচিরেই শুরু হতে যাচ্ছে।
চুয়াডাঙ্গা টেনিসক্লাব সূত্রে জানা গেছে, এই কার্যক্রমে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়দের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। বাছাই ও ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় চুয়াডাঙ্গা টেনিস ক্লাব মাঠে এক সাক্ষাৎকার পর্বের আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ প্রসঙ্গে টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার জানান, নতুন খেলোয়াড়দের অবশ্যই অভিভাবকের উপস্থিতিতে সাক্ষাৎকারে অংশ নিতে হবে এবং অভিভাবকের লিখিত বা মৌখিক সম্মতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি খেলোয়াড়দের টেনিস খেলার নিয়মিত খরচ বহনের মতো আর্থিক সচ্ছলতা, ক্লাবের নিয়ম-কানুন ও আদর্শের প্রতি আনুগত্য এবং কর্মকর্তাদের সাথে সদাচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। চুয়াডাঙ্গায় টেনিসের ঐতিহ্য ধরে রাখতে এবং জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় উপহার দিতেই এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।