স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ৩, ৪ ও ৬ নম্বর ওয়ার্ড, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ও চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে হারদী ইউনিয়নের ওসমানপুর-প্রাগপুর স্কুলমাঠে, সন্ধ্যা ছয়টায় হারদী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, রাত আটটায় মোমিনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সরিষাডাঙ্গা গ্রামের শওকত মোড়ে ও রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড কেদারগঞ্জ মসজিদের পাশে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক চারটি দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেগম খালেদা জিয়া আজও আপসহীন এক নাম। তিনি শুধু একটি দলের চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের নির্যাতন, মিথ্যা মামলা ও কারাবরণের মধ্যেও তিনি কখনো মাথানত করেননি। আজ আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় একত্রিত হয়েছি, কারণ তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতি কোনোদিন ভুলবে না।’
তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল দমন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা সবচেয়ে বড় অপরাধ। বিগত বছরগুলোতে দেশে যে অবিচার, দুঃশাসন ও ভোটাধিকার হরণের রাজনীতি হয়েছে, তার বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সাহসের সঙ্গে অবস্থান নিয়েছিলেন। তাঁর সেই অবস্থানই আমাদের পথ দেখায়।’
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, ‘আজ দেশের মানুষ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছে। জনগণের এই দুঃখ-কষ্ট লাঘবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই আমরা মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘এই দোয়া মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের অঙ্গীকার- দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর ও পৌর এলাকার মানুষ অতীতেও বিএনপির সঙ্গে ছিল, আগামীতেও থাকবে- আমি এই বিশ্বাস করি।’
বক্তব্যের শেষাংশে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন।’
হারদী ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রবিউল মেম্বার। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন, হারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হোসেন, হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হারদী ইউনিয়ন বিএনপির নাসির উদ্দিন, বাবলু প্রমুখ।
একই দিন হারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ হোসেন। আব্দুস ছালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেকেন্দার আলী। উপস্থিত ছিলেন জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা কৃষক দলের সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, সিনিয়র সহসভাপতি আবুল কাশেম ঝণ্টু, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশাদুল হক। সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, মেহবুব আলম মেহেবুব, নাজমুল হক প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রকিবু ইসলাম।
অপর দিকে, চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ডের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম। বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, বিএনপির সিনিয়র সদস্য সাবেক এমপি হাবিবুর রহমান হবি ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও জেলা জজকোর্টের পিপি অ্যাড. মারুফ সারোয়ার বাবু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, প্রবীণ নেতা আরশেদ আলী কালু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবুল বাশার, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশাবুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আমের হুছাইন, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নুর আব্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক লাল্টু রহমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু প্রমুখ।
চুয়াডাঙ্গা ও হারদীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীফুজ্জামান



