দর্শনা অফিস
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাথাভাঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও মাছের প্রজনন রক্ষায় অবৈধ বাঁধ ও নিষিদ্ধ ম্যাজিক জালের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নদীতে স্থাপিত একাধিক অবৈধ বাঁধ উচ্ছেদসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কুড়ালগাছি ইউনিয়নের মাথাভাঙ্গা নদীর গলাইদড়ি সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীতে স্থাপিত দুটি পাটা বাঁধ অপসারণ করা হয় এবং প্রায় এক হাজার মিটার চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম সাংবাদিকদের বলেন, মাথাভাঙ্গা নদী দামুড়হুদা উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদী। কিছু অসাধু ব্যক্তি বাঁশের আড়াআড়ি বাঁধ নির্মাণ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন, যা সম্পূর্ণ বেআইনি। নদীর স্বাভাবিক প্রবাহ ও মাছের বংশবিস্তার রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধ বাঁধ স্থাপন বা নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে মাথাভাঙ্গা নদীর পরিবেশ সুরক্ষিত থাকবে এবং মাছের উৎপাদন বাড়বে।
কুড়ালগাছিতে মাথাভাঙ্গা নদীর অবৈধ বাঁধ উচ্ছেদ



