মেহেরপুর অফিস
মেহেরপুর শহরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মান্নান (৪০) নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে শহরের ফৌজদারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মান্নান বামনপাড়া এলাকার বাসিন্দা ও আক্কাস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফৌজদারীপাড়ায় বাপ্পি সরকারের নির্মাণাধীন একতলা ভবনের সিঁড়িঘরের ওপর টিনের ছাউনির কাজ করছিলেন মান্নান। এ সময় একটি প্লাস্টিকের পাইপ বাঁধার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে টিন বাঁধার তারের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের একতলা থেকে নিচে পড়ে যান।
দুর্ঘটনার সময় তার শরীরে আগুন ধরে যায় এবং শরীরের একটি বড় অংশ ঝলসে যায়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, মান্নানের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে রেফার করা হয়েছে।
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক আহত, ঢাকায় রেফার্ড



