মানবতার টানে চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গার সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে—ঠিক সেই সময় মানবতার পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এবারও সংগঠনটির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। শীতের তীব্রতা উপেক্ষা করে তারা শহরের আনাচে-কানাচে মানবিক উষ্ণতার বার্তা পৌঁছে দেন।
চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন ও উপদেষ্টা গোলাম মাসুদের সার্বিক তত্ত্বাবধানে বড় বাজার এলাকা থেকে কার্যক্রম শুরু হয়। পরে চুয়াডাঙ্গা কোর্ট মোড়, দৌলতদিয়াড়, হাতিকাটা, রেললাইন বস্তিসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রান্তিক এলাকায় ফুটপাতে বসবাসকারী ছিন্নমূল মানুষ ও বস্তিবাসী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন বলেন, আমরা সবসময় আর্তমানবতার পাশে থাকতে চাই। এই প্রচণ্ড শীতে একজন মানুষও যেন বিনা আবরণে কষ্ট না পায়—এটাই আমাদের প্রধান লক্ষ্য।
উপদেষ্টা গোলাম মাসুদ বলেন, তরুণ স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—মানবতা এখনো সমাজে বেঁচে আছে।
শীতবস্ত্র পেয়ে হাতিকাটা এলাকার এক বৃদ্ধা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এই শীতে খুব কষ্টে ছিলাম। কেউ খোঁজ নেয়নি। রাতে এই ছেলেরা এসে গায়ে কম্বল জড়িয়ে দিল—আল্লাহ ওদের ভালো করুক।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বছরজুড়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন ইতোমধ্যে স্থানীয় সামাজিক ও মানবিক অঙ্গনে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।