স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে লাইসেন্স ও হেলমেটবিহীন যানবাহনের বিরুদ্ধে যৌথভাবে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বাস, ট্রাক ও মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে কোনো অবৈধ মালামাল পরিবহন করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ সময় লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে দুইজন চালককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
যৌথ অভিযানে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাসফি, ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাসান মল্লিক, সার্জেন্ট আশরাফুজ্জামানসহ পুলিশ ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।
আইনশৃঙ্খলা রক্ষা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মানবতার টানে চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ



