জীবননগরে কৃষক সংগঠনের বার্ষিক বনভোজন ও সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন কৃষক সংগঠনের উদ্যোগে বার্ষিক বনভোজন ও সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উথলী বাসস্ট্যান্ড সংলগ্ন সানমুন শিশু পার্কে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। উথলী ইউনিয়ন কৃষক সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী, মাহাবুব বিন সাদিক, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, প্রকল্প সমন্বয়কারী সোহরাওয়ার্দী শুভ, ওয়েভ ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা আসমা হেনা চুমকি এবং উথলী ইউনিয়ন কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক নিজামুল হক।
বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং তাদের অধিকার আদায়ে শক্তিশালী ও সংগঠিত কৃষক প্ল্যাটফর্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। সংগঠনের মাধ্যমে কৃষকরা ঐক্যবদ্ধ হলে ন্যায্য দাবি আদায় সহজ হয়। দেশের প্রতিটি অঞ্চলে এ ধরনের কৃষক সংগঠন গড়ে উঠলে কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং কৃষক সমাজ আর্থসামাজিকভাবে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে আনন্দঘন পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।