মরদেহ দেশে ফেরাতে সরকারের হস্তক্ষেপ কামনা পরিবারের
জীবননগর অফিস
সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে জীবননগর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম রংমালা খাতুন (২৭)। তাঁর মরদেহ এখনো সৌদি আরবেই রয়েছে। মেয়ের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ বাবা-মা শেষবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় দিন গুনছেন।
রংমালা খাতুন জীবননগর উপজেলার লক্ষ্মীপুর মিলপাড়া গ্রামের বাসিন্দা রফি গাজীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পরপরই রংমালার স্বামী জিয়ারুল ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় নয় বছর আগে মারা যান। স্বামীহারা রংমালা সংসারের অভাব ঘোচাতে আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি একটি বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের দাবি, সম্প্রতি যে বাসায় রংমালা কাজ করতেন, সেই বাসার মালিক দম্পতি কুয়েত সফরে যান। ওই সময় দীর্ঘদিন রংমালার সঙ্গে যোগাযোগ না হওয়ায় গৃহকর্তার স্বজনরা বাসায় গিয়ে খোঁজ নিতে যান। তারা ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রংমালার মরদেহ উদ্ধার করে।
হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও স্বজনদের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। তারা দ্রুত তদন্তের পাশাপাশি রংমালার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে জীবননগরের রংমালার রহস্যজনক মৃত্যু



