আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকার পুরাতন সরকারি খাদ্যগুদামের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সনাতনপুর গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের ছেলে সোহেল রানা ওরফে রাব্বি (২০)। তিনি বর্তমানে মাদ্রাসাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অপরজন হলেন রথতলা গ্রামের বাসিন্দা সোলাইমান হোসেনের ছেলে নাহিদ হাসান (২১)।
এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।
আলমডাঙ্গায় টাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার



