দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে ঘাস মারার বিষ প্রয়োগ করে ১ বিঘা ১২ কাঠা জমির ফলন্ত পেঁয়াজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোনাজাত আলী খাঁর দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, কুতুবপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী খাঁর ছেলে মোনাজাত আলী খাঁর সঙ্গে একই গ্রামের মৃত আহাম্মদ আলী খাঁর ছেলে আহসান আলী খাঁর দীর্ঘদিন ধরে বাড়ির ভিটা জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
অভিযোগকারী মোনাজাত আলী জানান, তার ভিটা জমির রাস্তার ওপর আহসান আলী খাঁর সারগর্ত তৈরি করেছে। গোবরের দুর্গন্ধে বাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে উঠেছে। এ বিষয়ে আপত্তি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ক্ষতি করার হুমকি দেন।
মোনাজাত আলীর অভিযোগ, হুমকির ধারাবাহিকতায় গত রাতের আঁধারে আহসান আলী খাঁর ছেলে রফিকুল ইসলাম বগা ও তার এক সহযোগী মিলে তার পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে ফসল পুড়িয়ে দেয়। তিনি জানান, ন্যায়বিচারের আশায় গত রবিবার অভিযুক্তদের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের বিষয়ে আহসান আলী খাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে।
এদিকে কার্পাসডাঙ্গা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুন বলেন, বিষয়টি জানার পর আমরা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছি। পেঁয়াজ গাছগুলো সত্যিই বিষ প্রয়োগে পুড়ে গেছে। আমরা কৃষকের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানে বাইরে আছি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কার্পাসডাঙ্গায় বিষ প্রয়োগে কৃষকের পেঁয়াজ ক্ষেত ক্ষতিগ্রস্থ



