দর্শনা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের রাজনৈতিক প্রভাব মোকাবিলা করে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে দর্শনা পৌরসভা পরিদর্শনকালে পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
উপ-পরিচালক শারমিন আক্তার বলেন, নির্বাচনকালীন সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারী দলীয় কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। একই সঙ্গে পৌরসভার সেবামূলক ও উন্নয়নমূলক কাজে কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে সম্পৃক্ত করা যাবে না বলেও তিনি স্পষ্ট নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে নির্ধারিত বিধি অনুযায়ী ব্যানার, ফেস্টুন ও লিফলেট ব্যবহারে সতর্ক থাকতে হবে। এ ছাড়া পৌর এলাকার ভোটকেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
শারমিন আক্তার উল্লেখ করেন, দর্শনা চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের একটি গুরুত্বপূর্ণ এলাকা। ফলে এখানকার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বও অনেক বেশি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- দর্শনা পৌরসভার সচিব সাজেদুল আলম, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা মুকুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হাসান, পৌর প্রধান সহকারী রুহুল আমিন, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, উচ্চমান সহকারী শাহ আলমসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দর্শনা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার



